রাজনীতি

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে ফের সময়, ১০ দিন সুযোগ ঋত শিবিরকে

মাস ঘুরলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় ভোট। তার আগে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আগের শুনানিতে কালীঘাট তৃণমূল এবং ঋত তৃণমূল—দুই শিবিরকেই প্রয়োজনীয় নথি ও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার ছিল সেই নথি জমা দেওয়ার শেষ দিন। কালীঘাট শিবির নথি জমা দিলেও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস তথা ঋত তৃণমূল তা জমা দিতে পারেনি। তাঁদের আইনজীবী আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে আরও ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিপক্ষের নথির ভিত্তিতে পালটা হলফনামা জমা দেওয়ার জন্যও কালীঘাট শিবিরকে ১০ দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, দুই পক্ষের জন্য মোট ২০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে আদালত।

বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় ধরনের বিভাজন তৈরি হয়। দুই শিবিরের সংঘাতের জেরে গত ৬ অক্টোবর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে অস্থায়ী ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশন দুই পক্ষকে পৃথক নাম ও প্রতীক দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ফুটবল প্রতীক দেওয়া হয়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস পায় খাম প্রতীক। তবে এই ব্যবস্থা ছিল সাময়িক। তৃণমূলের পুরনো প্রতীক ঘাসের উপর জোড়াফুলের দাবিকে ঘিরে দুই শিবিরের বিবাদ এখনও অব্যাহত। সেই বিরোধের জেরেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

মামলার নিষ্পত্তির জন্য দুই পক্ষকেই যাবতীয় নথি ও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সোমবারের শুনানিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের আইনজীবী জানান, এক মাসের মধ্যে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তাই আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয়। দুর্গাপুজোর কারণে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার পাওয়া যায়নি বলেই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে বলে আদালতে জানান তিনি।

যদিও এই আবেদনের বিরোধিতা করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত আদালত ঋতব্রত শিবিরকে নথি জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দেয়। সেই নথি পর্যালোচনা করে জবাব দেওয়ার জন্য কালীঘাট শিবিরকেও অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হয়েছে।

এরই মধ্যে সোমবার সকালে আরও বিস্ফোরক অভিযোগ সামনে আনেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি অভিযোগ করেন, কালীঘাট শিবির নথি ‘চুরি’র চেষ্টা করেছে।

ঋতব্রতর দাবি, ২৫ অক্টোবর রবিবার রাতে কালীঘাট শিবির চার্টার্ড বিমানে নিজেদের নথি দিল্লিতে পাঠায়। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২৪ অক্টোবর শনিবারই সড়কপথে নথিপত্র নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন। সোমবার ভোরে হরিয়ানায় তাঁদের নথি বহনকারী ট্রাক আটকে সেগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর কালীঘাট শিবিরকে নিশানা করে ঋতব্রতর কটাক্ষ, ‘চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল।’ তাঁর আরও দাবি, সবসময় গায়ের জোরে কোনও কিছু দখল বা লুটের চেষ্টা সফল হয় না। তাঁর বক্তব্য অনুযায়ী, ভোর সাড়ে ৩টে নাগাদ হরিয়ানাতেই এই ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.