উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে উড়িষ্যা রাজ্যের ৪৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন গৃহবধূ থানাওয়ারিন সাউ ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হয়। উড়িষ্যার নোয়াপাড়া জেলার সেলিবাহাতা গ্রামের বাসিন্দা তিনি । তারপর পরিবারের সদস্যরা তথা ওই গৃহবধূর স্বামী দেসরাম সাউ স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলেন। তারপর তদন্তে নেমে উড়িষ্যার পুলিশ প্রশাসন ওই মহিলার খোঁজ করে , কিন্তু তারা কোন ভাবেই খোঁজ পাচ্ছিলেন না। অন্যদিকে ১৩ অক্টবর হাড়োয়া থানা সংলগ্ন এলাকায় ওই মহিলা অজ্ঞাতভাবে ঘোরাফেরা করছিলেন। তারপর হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের নজরে আসে বিষয়টি। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক।
এদিকে মহিলাকে উদ্ধার করার পর হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং তদন্তকারী অফিসার সুজন পাল ঘটনাটি যৌথভাবে তদন্ত করেন এবং মহিলা নিখোঁজ হওয়ার ১৬ দিনের মাথায় তার পরিবারের সদস্যদের খুঁজে বের করেন। তারপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে বসিরহাট মহাকুমা আদালত থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাড়োয়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা।







