চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারতীয় সরকার তাদের দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেবে না। ফলে, পিসিবি পাকিস্তান সরকারের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পরে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলকে পুরোপুরি নাকচ করেছে। বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভি পরিষ্কারভাবে জানিয়েছেন, ২০২৩ সালের এশিয়া কাপের মতো দ্বৈত-আয়োজক ব্যবস্থা মানা হবে না, যেখানে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলেছিল।
এই সিদ্ধান্ত পাকিস্তানের সরকারের অবস্থানের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সরকার পিসিবিকে কেবল পাকিস্তানেই পুরো আসর আয়োজনের উপরেই জোর দিতে নির্দেশনা দিতে পারে, যেভাবে বিসিসিআই ভারতীয় সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। এতে করে আইসিসির সামনে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ডিসেম্বর ১-এ জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বমুহূর্তে।
পিসিবি জানিয়েছে, বিসিসিআই-এর কাছ থেকে ভারতীয় সরকারের সিদ্ধান্তের লিখিত ভিত্তি চেয়ে তারা আইসিসির প্রতি আহ্বান জানাবে। সাম্প্রতিক লাহোরে নির্ধারিত শত দিনের কাউন্টডাউন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
অবশ্য পাকিস্তান সরকারও ভবিষ্যতে ভারত সফরে দল পাঠানো নিয়ে তাদের অবস্থান আরও কঠোর করতে পারে, যেমনটা নকভি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন।







