খেলাধুলা

ভারতেই আইপিএল ২০২৭-এর মিনি অকশন, নিলামের সম্ভাব্য ভেন্যু গোয়া

আইপিএল শুরু হতে এখনও প্রায় আট মাস বাকি। তার আগেই একাধিক দলে এসেছে নানা পরিবর্তন। ট্রেড ডিলের মাধ্যমে বেশ কয়েকজন ক্রিকেটারও দল বদল করেছেন। এরই মধ্যে প্রকাশ্যে এল আসন্ন আইপিএল নিলামের ভেন্যু। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এবার ভারতের মাটিতেই আয়োজন করা হবে আইপিএলের মিনি অকশন।

এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছিলেন, যতটা সম্ভব দেশের মাটিতেই নিলাম আয়োজনের চেষ্টা করবে বিসিসিআই। সেই পরিকল্পনার কথাই এবার নিশ্চিত করলেন বোর্ড সচিব।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, গত তিন বছর সৌদি আরব, দুবাই এবং আবু ধাবির মতো আন্তর্জাতিক ভেন্যুতে আইপিএলের নিলাম হয়েছে। এবার অবশ্য ভারতের মাটিতেই হবে মিনি অকশন। তাঁর কথায়, ডিসেম্বর মাসে গোয়ায় এই নিলাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ ও ১৬ ডিসেম্বরকে রাখা হয়েছে।

উল্লেখ্য, শেষবার ভারতে আইপিএলের নিলাম হয়েছিল ২০২২ সালে। পাশাপাশি ২০২৭ সালের আইপিএলই শেষ মিনি অকশন হতে চলেছে। এরপরের মরশুমে অনুষ্ঠিত হবে মেগা অকশন। ফলে ২০২৭ সালে দলগুলিতে খুব বেশি পরিবর্তন না হলেও পরের বছর প্রায় সম্পূর্ণ নতুন করে দল সাজানোর সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির।

এদিকে দীর্ঘদিনের বৃষ্টির জেরে ভারত ‘এ’ মহিলা দল এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার দিনের ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ধর্মশালায় ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া এবং মাঠের আউটফিল্ডের খারাপ পরিস্থিতির কারণে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

নতুন সূচি অনুযায়ী ম্যাচটি হবে মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। বিসিসিআই জানিয়েছে, একই মাঠে ভারত ‘এ’ মহিলা ও অস্ট্রেলিয়া ‘এ’-র তিন ম্যাচের ওডিআই সিরিজও অনুষ্ঠিত হচ্ছে। সেই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.