খেলাধুলা

দুর্দান্ত শুভমান গিল! চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু গুজরাটের

 

 

শুরু হয়ে গেল আইপিএল (IPL 2023)। আর আইপিএলের প্রথম ম্যাচেই দেখা গেল টানটান লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক দর্শক এদিন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং গুজরাট টাইটান্সের (Gujrat Titans) প্রথম ম্যাচ উপভোগ করল। তবে শেষ হাসি অবশ্য হাসল গতবারের চ্যাম্পিয়নরাই। শুভমন গিলের (Subhman Gill) অনবদ্য ইনিংস এবং রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে গুজরাট ৫ উইকেটে ম্যাচ জিতল।

 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandey)। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি সিএসকের। ম্যাচের তৃতীয় ওভারে মাত্র ১৪ রানের মাথায় ডেভন কনওয়ের জোড়া স্ট্যাম্প উড়িয়ে দেন শামি। এই স্বপ্নের ডেলিভারিই তাঁকে আইপিএলের শততম উইকেটটি এনে দিল।

 

তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠতে অবশ্য বেশি সময় নেয়নি চেন্নাই। ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড় এদিন ৫০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মূলত তাঁর ইনিংস ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানে পৌঁছে যায় চেন্নাই। অবশ্য ইনিংসের শেষ ওভারের ধোনি ধামাকা ভুলে গেলে চলবে না। শেষ ওভারে একটি ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকান ৪১ বছরের ধোনি। মাত্র ৭ বলে তিনি ১৪ রান করেন।

 

তারপর ব্যাট করতে নেমে গুজরাট শুরুটা ভালই করেছিল। যে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) জাতীয় নির্বাচকরা বাতিলের খাতায় ফেলে দিয়েছেন, তিনি এদিন বুঝিয়ে দিলেন পুরনো চাল ভাতে বাড়ে। ১৬ বলে ২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋদ্ধি। এর আগে তিনি দুটি দুর্দান্ত ক্যাচও নিয়েছেন। ঋদ্ধির উইকেটের পর শুভমন গিল ইনিংসের হাল ধরেন। কিন্তু তিনি উলটোদিকে সেভাবে সঙ্গত পাচ্ছিলেন না। উইলিয়ামসনের চোট আগেই ধাক্কা দিয়েছিল গুজরাটকে। সাঁই সুদর্শন এবং হার্দিকের দ্রুত ফিরে যাওয়া চাপ আরও বাড়িয়ে দেয়।

 

তবে অন্যপ্রান্তে গিল ৩৬ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংসই ম্যাচে ফেরায় গতবারের চ্যাম্পিয়নদের। ১৫ ওভারের মাথায় গিলের উইকেটের পতন ফের ধাক্কা দেয় গুজরাটকে। তখনও দরকার ছিল ৪০ রান। তবে, শেষদিকে চেন্নাই বোলিং বিভাগের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে নিলেন গুজরাটের ব্যাটাররা।

 

মাথা ঠান্ডা রেখে হার্দিকদের জিতিয়ে দিলেন বহু যুদ্ধের নায়ক রশিদ খান (Rashid Khan) এবং রাহুল তেওয়াটিয়া। ১৯ তম ওভারে তাঁর হাঁকানো একটা ছক্কা এবং একটি বাউন্ডারিই ম্যাচের রং বদলে দিল। শেষে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল গুজরাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.