খেলাধুলা

তিলক-নীতীশ-নমনের ব্যাটে কিউয়ি-বধ, ২-০ এগিয়ে ভারত

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রান তাড়া করে জয় পেল ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’। তবে শনিবারের জয় মোটেই সহজে আসেনি। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাঝের ওভারগুলিতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি ও নমন ধীরের ব্যাটে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে গৌতম গম্ভীরের দল।

টসের পর ভারতীয় দলে দুটি পরিবর্তনের কথা জানান শ্রেয়স। চোটের কারণে খেলতে পারেননি ঈশান কিষান। তাঁর পরিবর্তে সুযোগ পান বৈভব সূর্যবংশী। অন্যদিকে ময়ঙ্ক যাদবের জায়গায় দলে আসেন প্রিন্স যাদব। শ্রেয়স জানান, দ্বিতীয় পরিবর্তনটি ছিল নিয়মিত রোটেশনের অংশ।

বল হাতে শুরুটা দুর্দান্ত করে ভারত। প্রথম ওভারেই টিম সেইফার্টকে সাজঘরে ফেরান অর্শদীপ সিং। দুই ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ১১/১। এরপর ভুবনেশ্বর কুমারের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন ডারিল মিচেল। চার ওভার শেষে কিউয়িদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২৩। নিজের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ১৪ বলে ১৬ রানে বোল্ড করেন প্রিন্স যাদব। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ছিল ৪৩।

প্রথম ম্যাচের তুলনায় শুরুটা বেশ ধীরগতির ছিল নিউজিল্যান্ডের। ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৬৬ রান। এরপর গ্লেন ফিলিপ্স আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতিপথ বদলে দেন। তাঁর সঙ্গে জুটি বাঁধেন জেকবস। ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন ফিলিপ্স। ১৬ ওভার শেষে কিউয়িদের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ১৩৩-এ। সেই সময় ফিলিপ্স ৪৩ বলে ৭০ রানে ব্যাট করছিলেন, জেকবসের সংগ্রহ ছিল ৩৯।

শেষ পর্যন্ত ফিলিপ্সের ঝোড়ো ইনিংসে লাগাম টানেন অর্শদীপ। ৪৩ বলে ৭০ রান করে ফেরেন তিনি। তবে তার আগেই জেকবসের সঙ্গে মাত্র ৭৭ বলে ১১৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ফেলেছিলেন ফিলিপ্স। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অর্শদীপ ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। ভুবনেশ্বর একটি উইকেট পেলেও ৫০ রান খরচ করেন। নীতীশ কুমার রেড্ডি ও প্রিন্স যাদব পান একটি করে উইকেট।

এদিন ব্যক্তিগত নজিরও গড়েন অর্শদীপ। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের সর্বাধিক উইকেটের রেকর্ড নিজের নামে করে ফেলেন তিনি। ২০২২ সালে ৩২ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে এত দিন এই রেকর্ড ছিল ভুবনেশ্বর কুমারের দখলে। শনিবার সেইফার্ট ও ফিলিপ্সকে আউট করে চলতি বছরে অর্শদীপের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮। ভুবনেশ্বরের তুলনায় তিনটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০২৪ সালেও ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছিলেন অর্শদীপ।

১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার সঙ্গে ইনিংসের শুরু করেন সঞ্জু স্যামসন। বৈভব সূর্যবংশীকে ওপেনিংয়ে পাঠানো হবে না, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়স। চার ওভার শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৩৭। মনে হচ্ছিল, প্রথম ম্যাচের মতোই সহজে রান তাড়া করে ফেলবে ভারত। কিন্তু সঞ্জু ১৪ রানে ফিরতেই ছবিটা বদলে যায়। বৈভবও ব্যাট হাতে ব্যর্থ হন। ১০৮ দিন পর গম্ভীরের কোচিংয়ে দলে ফিরে মাত্র ৪ রান করেই আউট হয়ে যান তিনি।

আট ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫৪। এরপর অভিষেক শর্মাও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ২১ বলে ২৭ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন তিনি। এরপর ভারতীয় শিবিরে আরও বড় ধাক্কা দেন কিউয়ি অধিনায়ক। একই ওভারে শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে দেন স্যান্টনার। ১১ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় মাত্র ৭১।

চাপের মধ্যে ভারতকে লড়াইয়ে ফেরানোর কাজ শুরু করেন নমন ধীর। মাত্র ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে একটি চার ও তিনটি ছয়। তবে নমন ফিরতেই ফের বাড়তে থাকে প্রয়োজনীয় রান তোলার চাপ। আট নম্বরে নেমে নীতীশ কুমার রেড্ডি আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন। তিলক বর্মার সঙ্গে তাঁর জুটি ভারতকে ফের জয়ের স্বপ্ন দেখায়।

শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন তিলক। মাত্র ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও একটি ছয়। অন্যদিকে নীতীশ ১৩ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে আসে একটি চার ও একটি ছয়। শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল মিচেল স্যান্টনার। ২১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। নাথান স্মিথ ও জ্যাকব ডাফি একটি করে উইকেট পেলেও যথাক্রমে ৩৪ ও ৪১ রান খরচ করেন।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও ভারতীয় দলের উদ্বেগ পুরোপুরি কাটছে না। প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতা ব্যাটাররা সামলে দিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে উন্নতি দেখা গেলেও ব্যর্থ হয়েছে টপ অর্ডার। ফলে জয় এলেও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে আগামী মঙ্গলবার, ২৭ অক্টোবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.