ক্রিকেট যে কেবল মাঠের খেলা নয়, তা আবারও প্রমাণ করে দিল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ়। মাঠের বাইরে কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক বাস্তবতাই এবার প্রভাব ফেলছে রোহিত-কোহলিদের সম্ভাব্য সফরে। ১৭ অগস্ট থেকে বাংলাদেশে তিনটি এক দিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, সেই সফর আদৌ হবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সফর নিয়ে ইতিবাচক আলোচনা হলেও, ভারত এখনও সরকারিভাবে কোনও অনুমতি দেয়নি। ভারত সরকারের তরফে অনুমতি না এলে সফরের সম্ভাবনা এক প্রকার শেষ। বিসিবি তাই বিকল্প পরিকল্পনায় এগোচ্ছে। কারণ ভারত না এলে টেলিভিশন সম্প্রচার ও স্পনসরশিপ থেকে বিসিবি-র আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল।
রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত বাংলাদেশে সাম্প্রতিক পালাবদলকে ঘিরে। রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত আগেই জানিয়েছিল, কূটনৈতিক সমীকরণ স্থিতিশীল না হলে, বাংলাদেশে দল পাঠানো হবে না। পরিস্থিতি এখনও বদলায়নি। ফলে এই সফরের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে।
এই সফর বাতিল হলে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারে আরও একটি অধ্যায় অনিশ্চয়তায় ঢাকা পড়বে। কারণ তাঁরা এখন শুধুমাত্র এক দিনের ফরম্যাটেই খেলেন। ফলে বাংলাদেশ সফর না হলে তাঁদের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে, যা ভক্তদের হতাশ করবেই।







