দু’দিনের ঝাড়গ্রাম সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভাষা আন্দোলনের স্মরণে পদযাত্রা করে তৃণমূল সুপ্রিমো পরিযায়ী শ্রমিকদের উপর বঞ্চনা, এনআরসি, ও সিআর (SIR)-এর মতো ইস্যুতে সুর চড়ান। তার পরের দিন, বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন তিনি।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৭৫ লক্ষ মানুষকে গ্রামীণ আবাস যোজনার আওতায় ঘর দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৪৭ লক্ষ এবং পরে ১২ লক্ষ ঘর দেওয়া হয়। এবার ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ মানুষের নামের তালিকা প্রকাশ করা হবে, এবং তালিকাভুক্তরা ডিসেম্বরেই অর্ধেক টাকা পেয়ে যাবেন, বাকি অর্থ মে মাসে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিন সাধারণ মানুষকে সচেতন করে মমতা বলেন, “কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন, আমরা দিয়ে দেব—তাদের কথা শুনবেন না। তারা হয়তো আপনার ডিটেলস নিয়ে নেবে এবং পরে এনআরসি-র নোটিশ পাঠিয়ে দেবে। বাংলায় অন্তত দেড় কোটি মানুষ রয়েছেন যাদের বাড়ির প্রয়োজন। তাই আমরা নিশ্চিত করব, কেউ বাদ না পড়েন।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে যেমন বাংলার গরিব ও আদিবাসী জনগোষ্ঠীর আবাসন সুরক্ষার আশ্বাস মিলেছে, তেমনই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের একবার সরব হল রাজ্য সরকার।







