ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব এরাজ্যে সরাসরি না পরলেও, বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। শনিবার ও রবিবার ও বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে
কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায়।এর ফলে ঠান্ডা হাওয়া দিলেও তাপমাত্রায় তেমন কোনও হেরফের হয়নি বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
তাই ডিসেম্বর শুরুতেই জাঁকিয়ে শীত পড়ছে না এরাজ্যে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ফেনজল। যার প্রভাবে আর্দ্রতা ও তাপমাত্রা খানিকটা বেড়ে যায় রাজ্যের কয়েকটি জেলায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২২-এর ঘরে পৌঁছেছে। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।
সোমবার সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ঝকঝকে রোদের দেখা মিলেছে। বৃষ্টির ভ্রুকুটি নেই সেভাবে কোথাও। তবে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার-মঙ্গলবার তাপমাত্রা আরও নামার তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর। জাঁকিয়ে শীতও এ সপ্তাহে নয়।
আজ সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ শতাংশ।







