মেসির কলকাতা সফর ঘিরে একসময় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সেই বিতর্ক আদালত পর্যন্ত পৌঁছয়। সেই সময় বিচারপতিও কৌতুকের সুরে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন, “মেসি কি আপনার বাল্যবন্ধু?” বিশ্বকাপ ফাইনালের আগে সেই প্রসঙ্গ যেন নতুন করে উসকে দিয়ে লিওনেল মেসিকে নিয়ে নিজের পূর্বাভাস জানালেন অরূপ। তাঁর মতে, এ বার গোল্ডেন বুট জিততে পারেন আর্জেন্টিনার মহাতারকা।
আগামী মঙ্গলবার একুশে জুলাই উপলক্ষে কলকাতায় তিনটি রাজনৈতিক দলের পৃথক শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তাদের কর্মসূচি পালন করবে। সেই প্রস্তুতি পরিদর্শনে রবিবার সেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস।
এদিকে আজ বিশ্বকাপের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরূপ বলেন, “আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু ব্রাজিল ফাইনালে নেই। আর্জেন্টিনা ও স্পেন—দুটোই শক্তিশালী দল। যে দল ভালো খেলবে, তারাই বিশ্বকাপ জিতবে। তবে অনেকেই চাইছেন মেসির দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। আমার বিশ্বাস, যে-ই জিতুক না কেন, ম্যাচটি দারুণ উপভোগ্য হবে।”
মেসির ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আশাবাদী প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, “আমার ধারণা, মেসিই গোল্ডেন বুট জিতবেন। তবে তিনি কত গোল করবেন, তা বলতে পারব না। আমি কোনও ফুটবল বিশেষজ্ঞ নই।”
উল্লেখ্য, আজকের বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। ম্যাচে হ্যাটট্রিক করতে পারলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। ফলে বিশ্বজুড়ে তাঁর সমর্থকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।







