কেন্দ্র

গোবর থেকে জ্বালানি, কৃষকের বাড়তি আয়! ২৩,৭৩১ কোটি টাকার ‘গোবর্ধন’ প্রকল্পে সবুজ সংকেত কেন্দ্রের

গোবর, কৃষি বর্জ্য এবং শহরের জৈব বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ২৩,৭৩১ কোটি টাকার ‘গোবর্ধন’ (GOBARdhan) প্রকল্প। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩৫-৩৬ পর্যন্ত চলবে এই উচ্চাভিলাষী কর্মসূচি।

সরকারের লক্ষ্য, গোবর ও বিভিন্ন ধরনের জৈব বর্জ্য ব্যবহার করে দেশে কমপ্রেসড বায়োগ্যাস (CBG) উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো। এর মাধ্যমে একদিকে যেমন পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতাও কমবে।

কেন্দ্রের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে সিবিজি উৎপাদন প্রায় ১০ গুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আমদানি কমে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। শুধু জ্বালানি নয়, জৈব সার উৎপাদন বাড়িয়ে কৃষিক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে এই উদ্যোগ।

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। গোবর ও কৃষি বর্জ্য বিক্রি করে কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন বায়োগ্যাস কারখানা গড়ে ওঠায় প্রায় ১.৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্র।

প্রকল্প সফল করতে নতুন সিবিজি প্ল্যান্ট নির্মাণে মূলধনী সহায়তা, সহজ শর্তে ঋণ, নির্দিষ্ট মূল্য কাঠামো এবং গ্যাস পাইপলাইনের সংযোগের মতো একাধিক সুবিধা দেওয়া হবে। এর ফলে বেসরকারি বিনিয়োগও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা এবং আমদানিনির্ভরতার চাপের মধ্যে বিকল্প শক্তির উৎস গড়ে তোলার উপর জোর দিচ্ছে ভারত। সেই লক্ষ্যেই ‘গোবর্ধন’ প্রকল্পকে ভবিষ্যতের পরিচ্ছন্ন, স্বনির্ভর এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছে কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.