মাত্র ১৪ বছর বয়সেই মহাকাশ গবেষণার জগতে নিজের জায়গা করে নিল অন্ধ্রপ্রদেশের দশম শ্রেণির ছাত্রী কান্দুলা জেসি। বাবা পেশায় কাঠমিস্ত্রি, মা গৃহিণী। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে সে। ছোটবেলা থেকেই ইসরোর বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল জেসির। সেই স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম সম্পূর্ণ নারী পরিচালিত চন্দ্র-কেন্দ্রিক কিউবস্যাট প্রকল্প ‘শক্তি-স্যাট’-এর জন্য ভারত থেকে নির্বাচিত ২০ জন পড়ুয়ার অন্যতম হয়েছে সে।
‘শক্তি-স্যাট’ হল ‘স্পেস কিডজ ইন্ডিয়া’-র একটি আন্তর্জাতিক মহাকাশ উদ্যোগ। এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ড. শ্রীমাথি কেসান, যিনি ইসরো এবং নাসার অ্যাম্বাসেডর হিসেবেও পরিচিত। এই মিশনে অংশগ্রহণের জন্য বিশ্বের ১০৮টি দেশ থেকে প্রায় ১২ হাজার আবেদন জমা পড়েছিল। কঠিন বাছাই প্রক্রিয়া পেরিয়ে ভারতের নির্বাচিত প্রতিনিধিদের তালিকায় জায়গা করে নিয়েছে কান্দুলা জেসি।
পূর্ব গোদাবরী জেলার একটি সরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জেসি। আর্থিক অনটনের কারণে তাকে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হতে হয়েছিল। সেই স্কুল থেকেই শুরু হয় তার সাফল্যের যাত্রা। জেসির প্রতিভা প্রথম চিনতে পারেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষিকা মণিমালা। তিনিই ছাত্রীকে এই আন্তর্জাতিক প্রকল্পে আবেদন করার জন্য উৎসাহিত করেন।
এরপর শুরু হয় কঠোর প্রস্তুতি। জেসি ৫৫০টিরও বেশি অনলাইন প্রশিক্ষণ সেশন এবং ২১টি বিশেষ মডিউল সফলভাবে সম্পন্ন করে। স্যাটেলাইট সিস্টেম, প্রপালশন, থার্মোডাইনামিক্স এবং মহাকাশ প্রযুক্তির মতো জটিল বিষয়েও দক্ষতা অর্জন করে সে। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক বিজ্ঞানীদের সঙ্গে এক ঘণ্টার সাক্ষাৎকার, ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষা এবং এক মিনিটের ভিডিও উপস্থাপনাও দিতে হয়েছিল। সব ধাপ সফলভাবে পেরিয়েই নির্বাচিত হয়েছে জেসি।
আগামী ২৩ আগস্ট থেকে নয়াদিল্লিতে শুরু হবে এই প্রকল্পের হাতে-কলমে প্রশিক্ষণ। এরপর অংশগ্রহণকারী ছাত্রীরা যৌথভাবে যে চন্দ্র কিউবস্যাট তৈরি করবে, সেটি চলতি বছরের অক্টোবর মাসে শ্রীহরিকোটা থেকে ইসরোর মাধ্যমে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। জেসির লক্ষ্য একটাই— ভবিষ্যতে ইসরোর বিজ্ঞানী হয়ে দেশের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং পরিবার, শিক্ষক ও ভারতের নাম আরও উজ্জ্বল করা।






