কাশ্মীরের দুটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার পরিষ্কার করার কাজ শুরু করেছে ভারত। সরকারি সূত্রের খবর অনুযায়ী, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর উপর তৈরি সালাল এবং বগলিহার বাঁধের জলাধার গত বৃহস্পতিবার থেকে পরিষ্কার করা হচ্ছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি নয়াদিল্লি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, সিন্ধুর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে কিছুটা হলেও চাপে রাখতেই এই পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে সিন্ধু জলবণ্টন চুক্তি বহাল থাকায় বাঁধের জলাধার সংস্কারে বেশ কিছু অসুবিধা ছিল। পাকিস্তানের অনুমতি ছাড়া এই কাজ করাও যেত না। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। মনে করা হচ্ছে, ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত তারই একটি অংশ।
রিপোর্টে প্রকাশ, শুধু এই দুটি বাঁধ নয়, জম্মু ও কাশ্মীরের আরও কয়েকটি বাঁধেও একই ধরনের সংস্কার কাজ করার পরিকল্পনা রয়েছে। ১৯৮৭ ও ২০০৮-২০০৯ সালে নির্মিত এই বাঁধগুলির জলাধার এই প্রথম বার পরিষ্কার করা হচ্ছে। চুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানকে এই কাজের বিষয়ে আগে থেকে জানায়নি ভারত।
সূত্র মারফত জানা গেছে, জলাধার পরিষ্কারের জন্য বাঁধের জল সম্পূর্ণ বের করে দেওয়া হয়েছে। এর জেরে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকে সতর্ক করা হয়েছে। যদিও সরকারি সূত্র দাবি করেছে, জলধারণের ক্ষমতা বাড়ানো এবং জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ।
তবে এই মুহূর্তে ভারতের এই পদক্ষেপে পাকিস্তানের উপর সরাসরি কোনও প্রভাব না পড়লেও, ভবিষ্যতে সিন্ধু অববাহিকার অন্যান্য বাঁধের সংস্কার হলে সমস্যা হতে পারে। কারণ সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনে সিন্ধুর জলের উপর অনেকটাই নির্ভরশীল পাকিস্তান।
যদিও চুক্তি অনুযায়ী, পশ্চিমবাহিনী নদীগুলিতে বড় বাঁধ নির্মাণে ভারতের সীমাবদ্ধতা রয়েছে। তবে জলচুক্তি স্থগিত হওয়ার পর ভারত বড়সড় সিদ্ধান্তে আসে কিনা সেটাই এখন দেখার।







