দেশ

মাওবাদ নির্মূল হয়েছে, এবার শেষ চিহ্নটুকুও মুছতে হবে: অমিত শাহ

দেশ থেকে মাওবাদী হিংসা কার্যত নির্মূল করা সম্ভব হয়েছে। এবার এর শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে হবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির আওতায় ছত্তিশগড়ের নকশাল হিংসায় ক্ষতিগ্রস্ত এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, শুধু নকশালবাদকে নির্মূল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গত পাঁচ দশক ধরে নকশাল হিংসার কারণে যে দুর্ভোগ ও ক্ষত তৈরি হয়েছে, তা রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই হিংসার সমস্ত চিহ্ন মুছে ফেলে বস্তারকে আবারও শান্তিপূর্ণ, সুখী এবং প্রাণবন্ত অঞ্চলে পরিণত করতে হবে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আইইডি বিস্ফোরণের মাধ্যমে নিরীহ আদিবাসী ও সাধারণ মানুষকে পঙ্গু করে দেওয়ার ঘটনাকে মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

ছত্তিশগড় সরকারের ‘নিয়াদ নেল্লানার’ প্রকল্পের পাশাপাশি ‘বস্তার অলিম্পিক’ এবং ‘বস্তার পাণ্ডুম’-এর মতো উদ্যোগেরও প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, যে এলাকায় একসময় বন্দুকের গুলি ও বিস্ফোরণের শব্দই ছিল নিত্যদিনের সঙ্গী, সেখানে এখন আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ ঘটছে।

উল্লেখ্য, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই মাওবাদ দমনে জোরদার অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তিনি। এরপর মাওবাদী প্রভাবিত বিভিন্ন এলাকায় তল্লাশি ও অভিযান আরও জোরদার করা হয়। ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় মাওবাদী নেটওয়ার্ক কার্যত দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে দেশের অধিকাংশ জায়গাতেই মাওবাদীদের সক্রিয়তা আর আগের মতো চোখে পড়ে না। এবার মাওবাদী হিংসার অবশিষ্ট চিহ্নও সম্পূর্ণভাবে মুছে ফেলার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.