ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অ্যাডিলেড টেস্টে দলের ব্যাটিং ব্যর্থতার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ম্যাচে ১০ উইকেটে হারের পর তিনি বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে হলে স্কোরবোর্ডে বড় রান তুলতেই হবে। প্রথম ইনিংসে আমরা ৩০-৪০ রান পিছিয়ে ছিলাম। দ্বিতীয় ইনিংসেও আমরা ব্যাট হাতে যথেষ্ট ভালো করিনি।”
রোহিত ব্যাটিং ব্যর্থতার জন্য কঠিন পিচের দোহাই দিলেও স্বীকার করেন, দলের ব্যাটারদের উন্নতি প্রয়োজন। গত পাঁচ টেস্টে চারবার ভারত ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। এর মধ্যে অ্যাডিলেডে ১৮০, পার্থে ১৫০, পুনেতে ১৫৬ এবং বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
অ্যাডিলেডে দলের পেস আক্রমণে হার্ষিত রানার পারফরম্যান্স নিয়ে উঠা প্রশ্নের জবাবে রোহিত বলেন, “রানা প্রথম টেস্টে ভালো বল করেছিল। একজন খেলোয়াড়কে এক ম্যাচের পারফরম্যান্স দিয়ে বিচার করা উচিত নয়। এটি দলের পরিবেশের জন্যও ক্ষতিকর। রানা সাহসী বোলার, এবং আমরা এমন খেলোয়াড়দের পাশে থাকি।”
রোহিত আরও বলেন, “আমাদের বোলিং আক্রমণ সম্পূর্ণরূপে জসপ্রিত বুমরাহর উপর নির্ভরশীল হতে পারে না। পার্থে সিরাজ ও রানা বুমরাহকে ভালো সাপোর্ট দিয়েছিল। অ্যাডিলেডে রানা ব্যর্থ হয়েছে, তবে এটি বড় বিষয় নয়।”
আগামী টেস্ট ব্রিসবেনের দ্রুতগতির ও বাউন্সি পিচে অনুষ্ঠিত হবে। রোহিত বিশ্বাস করেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে দলকে ধৈর্য ধরতে হবে এবং রান করার জন্য পরিকল্পনামাফিক এগোতে হবে। তিনি উদাহরণ দেন পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০০ রানের জুটির, যেখানে তারা দীর্ঘ সময় ব্যাট করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন।
“চ্যালেঞ্জ যতই কঠিন হোক, আমাদের লড়াই করতে হবে এবং মাঠে টিকে থাকতে হবে,” বলেন রোহিত।







