কলকাতারাজনীতি

রাস্তাই রাস্তা দেখাল— মমতার পর সেই যাদবপুর ৮বি থেকেই মিছিল শুভেন্দুর

রাজ্য রাজনীতিতে এখন ‘রাস্তাই রাস্তা দেখাচ্ছে’। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার বিকেলে সেই একই জায়গা থেকে দেশপ্রিয় পার্কের উদ্দেশে পা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সেই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো।

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি, তার পর সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি। যদিও গোটা বিষয়টি ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেসের কটাক্ষ থামেনি।

মিছিল চলাকালীন শুভেন্দু অধিকারী বলেন, “এখানে ফিল্মস্টার নেই। রুদ্রনীল ঘোষ এখন রাজনীতিক। সে দিন সরকারের একটা শো হয়েছিল, আজকেরটা স্বাভাবিক প্রতিবাদ। ভবানীপুরে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার পরেই আমি থামব। যা পারে করে নিক। সবাই দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইল কেড়ে এনেছেন এবং তা সগর্বে বলেছেনও।”

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য, “তৃণমূল আর দুর্নীতি সমার্থক। মুখ্যমন্ত্রীর ফাইল ছিনতাই সেই কথাই প্রমাণ করেছে। রাজ্য সরকারের পুলিশ ও তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এই কাজ করা হয়েছে। সারা দেশ দেখছে এবং হাসছে। এই আচরণের প্রতিবাদেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর ৮বি থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল।”

তবে বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূলও। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, “দাঁড় কাক ময়ূরের পালক পরলেই ময়ূর হয়ে যায় না। শুভেন্দু অধিকারীকে আজীবন মমতাদির আলোয় আলোকিত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে মিছিল করেছিলেন বলেই আজ শুভেন্দুকেও নকল করতে হচ্ছে। দিনের শেষে দাঁড় কাক কাকই থাকে।”

প্রসঙ্গত, এর আগের দিন শুক্রবার একই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকেই মিছিল শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ দেব, সোহম-সহ একাধিক বিধায়ক ও নেতা, এমনকি টেলি-তারকারাও। বিকেল সাড়ে চারটে নাগাদ হাজরা মোড়ে গিয়ে শেষ হয় সেই মিছিল।

মিছিল শুরুর আগে যাদবপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “দিল্লির বঞ্চনা, লাঞ্ছনা এবং এ রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাস্তাই আমাদের রাস্তা।” নেতাজির উদ্ধৃতি টেনে তিনি আরও বলেন, “যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি, উদ্বাস্তুদের মাটি।”

রবিবার সেই একই মাটি থেকেই পাল্টা সুরে পরিবর্তনের ডাক দেন শুভেন্দু অধিকারী। দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ হোক বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ— সব মিলিয়ে স্পষ্ট, রাজ্য রাজনীতিতে এখন রাস্তাই প্রধান মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী— দু’জনেই নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে ভরসা রাখছেন মিছিলের রাজনীতিতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.