আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বুধবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্য সরকারের প্রচেষ্টায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দিঘায় জগন্নাথ মন্দির।
এ দিন মুখ্যমন্ত্রী নির্মীয়মাণ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন। মুখ্যমন্ত্রী জানান, “২০ একর জমির উপর তৈরি এই মন্দির নির্মাণ করতে ইতিমধ্যেই প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে।”
তাঁর সংযোজন, “সাধারণ মানুষের সুবিধার্থে মন্দির সংলগ্ন অঞ্চলে প্রশাসনিক ভবন তৈরি হবে। যেখানে পুলিশি থেকে স্বাস্থ্য সব ব্যবস্থাই সাধারণ মানুষের জন্য নিবেদিত থাকবে।”
এ ছাড়াও তিনি রাজ্য সরকার এবং প্রশাসন সহ মন্দিরের নির্মাণ কার্যের সঙ্গে জড়িত সকল শ্রমিকদেরও ধন্যবাদ জানিয়েছেন।







