দেশ

‘সব কিছু মনে রাখা হবে’, ৫ সেপ্টেম্বর দিল্লিতে ফের পথে ‘ককরোচ’! তিন দাবি ঘিরে সিজেপির বড় ঘোষণা

দিল্লির রাজপথে ফের আন্দোলনের প্রস্তুতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছে তারা। বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে সেই কর্মসূচির কথা ফের জানিয়ে দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগও তুলেছে সিজেপি।

সিজেপির দাবি, যন্তর মন্তরে প্রায় এক মাসের আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র চারটি দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত সেই দাবিগুলির মধ্যে তিনটি পূরণ হয়নি।

কোন তিন দাবিতে ফের আন্দোলন?

সিজেপির বক্তব্য অনুযায়ী, তাদের বাকি দাবিগুলির মধ্যে রয়েছে—

নিট কেলেঙ্কারির জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ।

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার।

বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং দিল্লি পুলিশ ও র‌্যাফের ক্ষমাপ্রার্থনা।

এই দাবিগুলি পূরণ না হওয়ায় ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পোস্টে তারা লিখেছে, ‘সব কিছু মনে রাখা হবে।’ পাশাপাশি বার্তা, ‘ককরোচদের জন্য প্রস্তুত থাকুন।’

পুলিশের অনুমতি মিলবে তো?

অন্যদিকে, দিল্লি পুলিশ সূত্রের দাবি, এখনও পর্যন্ত সিজেপির পক্ষ থেকে ৫ সেপ্টেম্বরের মিছিলের জন্য আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আবেদন করা হলেও ইন্ডিয়া গেটে জমায়েতের অনুমতি দেওয়ার সম্ভাবনা কম।

পুলিশের যুক্তি, ইন্ডিয়া গেট এলাকায় সবসময় প্রচুর মানুষের ভিড় থাকে। সেখানে প্রতিবাদ কর্মসূচি হলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন ফের রাস্তায় সিজেপি?

যন্তর মন্তরের আন্দোলনে সিজেপির অন্যতম দাবি ছিল তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সংগঠনের দাবি, পরবর্তী সময়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার পর চারটি দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ধর্না তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এখন তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

এর পাশাপাশি জবাবদিহির জন্য উত্থাপিত ১১টি প্রশ্নের উত্তরও এখনও পাওয়া যায়নি বলে দাবি সিজেপির।

ফলে পুলিশের অনুমতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও ৫ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে যে তারা পিছিয়ে আসছে না, বুধবারের পোস্টে সেটাই আরও একবার স্পষ্ট করে দিল ‘ককরোচ জনতা পার্টি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.