রাজ্য

‘ফাঁকিবাজি’ ধরতে তৎপর নবান্ন, তৈরি হল হেল্প ডেস্ক, সরকারি কাজের অগ্রগতি যাচাইয়ে মমতার নয়া অ্যাপ

গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন সরকারি কাজে নজরদারির অভাব নিয়ে। কাজ শুরু হলে মাঝপথে তা থমকে যাওয়া, সে ব্যাপারে সরকারকে অবগত না-করা নিয়ে ক্ষোভ গোপন করেননি মুখ্যমন্ত্রী মমতা। প্রশাসনিক মহলের অনেকের বক্তব্য, বার বার বলেও আধিকারিক এবং আমলাদের একাংশকে ‘সোজা’ করতে পারছিল না নবান্ন। এ বার তাই ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয় ভাবে নজরদারির প্রক্রিয়া শুরু করতে চাইছে নবান্ন। উল্লেখ্য, বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী সংস্থা, ওষুধ কোম্পানি, প্রসাধনী বা বিভিন্ন দ্রব্যের সংস্থার বিপণন বিভাগের কর্মীদের জন্য সংশ্লিষ্ট সংস্থা অ্যাপ রাখে। যাতে তাঁরা ঘরে বসে বাজার ঘোরার রিপোর্ট না-দিতে পারেন। সেখানেও থাকে জিও ট্যাগিংয়ের বন্দোবস্ত। খানিকটা সেই ধাঁচেই সরকারি কাজে নজরদারির প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার।

দফতরের ঠান্ডা ঘরে বসে সরকারি কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আর জমা দিতে পারবেন না আধিকারিকেরা। সশরীরে তাঁদের যেতে হবে মাঠে-ময়দানে। ‘ফাঁকিবাজি’ ধরতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ দফতর। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে নবান্ন ইতিমধ্যে একটি হেল্প ডেস্কও তৈরি করেছে।

মোদ্দা কথা, সরকার আর আধিকারিকদের কাছে কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চাইবে না। আধিকারিকদেরই সক্রিয় হয়ে সেই কাজ করতে হবে। গোটাটাই হবে ডিজিটাল পদ্ধতিতে। ধরা যাক, কোনও একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। আধিকারিকদের নির্দিষ্ট সময় অন্তর জানাতে হবে কোনও সমস্যা রয়েছে কি না। থাকলে তা কেমন? সাধারণ সমস্যা নাকি জটিল? একই ভাবে বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, পানীয় জল-সহ জনজীবনের প্রাত্যহিক বিষয়গুলিও থাকছে। দফতরভিত্তিক ক্ষেত্র আলাদা করে দেওয়া থাকবে অ্যাপে। সেই অনুযায়ী তথ্য দিতে হবে আধিকারিকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.