দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলেছে। পূর্বতন সরকারের আমলে একাধিকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হলেও, বিরোধীদের অভিযোগ ছিল সেই প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবে রূপ পায়নি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিল্পায়ন নিয়ে নতুন আশার বার্তা দিতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। আর সেই আবহেই বাংলায় বড়সড় বিনিয়োগের ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
বঙ্গ বিজেপির সমাজমাধ্যমে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমূল। পোস্টে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে গড়ে উঠবে আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এর ফলে রাজ্যের দুগ্ধ শিল্প আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও দাবি বিজেপির।
সমাজমাধ্যমে এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে বিজেপি নেতাদের দাবি, নতুন সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতেই দেশের বড় বড় সংস্থাগুলি বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগামী দিনে আরও বড় বিনিয়োগ বাংলায় আসতে পারে। তাঁর দাবি, বিদেশ থেকেও একাধিক শিল্পপতি যোগাযোগ করছেন। দুবাই, লন্ডন, সিঙ্গাপুরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও বিনিয়োগের আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
একইসঙ্গে পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের বহু সরকারি দুগ্ধ প্রকল্প অব্যবস্থার শিকার হয়েছে। হরিনঘাটা ও মাদার ডেয়ারির বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, একসময় যেখানে লক্ষ লক্ষ লিটার দুধ উৎপাদন হত, এখন তা অনেকটাই কমে গিয়েছে। আগের সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনাকেই এর জন্য দায়ী করেছেন তিনি।
সব মিলিয়ে, আমূলের সম্ভাব্য বিনিয়োগ ঘিরে এখন নতুন করে শিল্পায়নের আশা দেখছে বাংলা। যদিও প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তবায়নের দিকেই এখন নজর রাজনৈতিক ও শিল্প মহলের।







