বর্তমান সময়ে রাজ্যে নানান জায়গায় কেন্দ্রীয় এজেন্সির টাকা উদ্ধারের ঘটনা দেখা গেছে। তবে এবার অভিযানে গিয়ে দেখা গেল এক অভিনব দৃশ্য। বাড়িতে গাঁজা মজুতের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভিতরে মিলল বেসমেন্ট। আর সেই বেসমেন্ট ভেতর থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি টাকা।
বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী গাঁজা মজুতের খবর পেয়ে ওই দিন অভিযানে যায় মেমারি থানার পুলিশ। খবরের ভিত্তিতে মেমারির কৃষ্টি সিনেমা হলের পিছনের পাড়ায় অভিযানে যায় করে পুলিশ। অভিযানে চালানোর সময় একটি বেসমেন্টেও খুঁজে পায়। আর সেই বেসমেন্টের উপরের লোহার ঢাকনা খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। সেখানে কালো রঙের বড় ব্যাগ থাক থাক করে সাজানো টাকার বান্ডিল। সেই টাকা গুনতে খবর দেওয়া হয় একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪১ লক্ষ ৮৭ হাজার ২৮০ টাকা।টাকার পাশাপাশি উদ্ধার হয় সাড়ে ৪৭ কেজি গাঁজা। ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঙ্গীতা সাহানি। বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা রাখার অভিযোগে সঙ্গীতা সাহানিকে গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাড়ি থেকে বিক্রি করা হত গাঁজা। জেলাজুড়ে গাঁজাও পাচার করা হত এখান থেকে। এই চক্রে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলেই অনুমান পুলিশের। বিস্তারিত তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।







