খেলাধুলা

ভারত-ম্যাচ বয়কট নিয়ে দ্বিধায় পিসিবি, রাজনৈতিক সমীকরণে ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের একাংশের অভিযোগ, ক্রিকেটের স্বার্থকে পিছনে ফেলে উপমহাদেশের রাজনৈতিক সমীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

পাক ক্রিকেটের অন্দরের খবর, এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের নেপথ্যে ক্রিকেটীয় যুক্তির থেকে বেশি কাজ করছে কূটনৈতিক বার্তা দেওয়ার কৌশল। বিশেষ করে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তান সরকারের অবস্থান এবং সেই প্রেক্ষিতে নিজেদের ‘রাজনৈতিক অবস্থান’ স্পষ্ট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি পিসিবির একাংশের।

পিসিবি সূত্রে খবর, বাংলাদেশের নির্বাচন ১২ ফেব্রুয়ারি। তার ঠিক তিন দিন পর, ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই ব্যবধানের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বোর্ডের একাধিক কর্তা। তাঁদের মতে, নির্বাচন মিটে গেলে মহসিন নকভি তাঁর অবস্থান বদলাতে পারেন।

পাক ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন,
“নকভি যতটা ক্রিকেট প্রশাসক, তার চেয়েও বেশি রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। উপমহাদেশের রাজনীতিতে পাকিস্তানের ভূমিকা নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ। জাতীয় দলের উন্নতির থেকেও এই মুহূর্তে তাঁর আগ্রহ বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। নির্বাচনের আগে পাকিস্তান ইউনূস সরকারের পাশে দাঁড়াতে চায়। সেই বার্তা দিতেই ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। তবে নির্বাচন শেষ হলে তিনি ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারেন। কারণ, ভারত-ম্যাচ না খেললে আইসিসির কড়া পদক্ষেপ, এমনকি বহিষ্কারের ঝুঁকিও রয়েছে।”

তাৎপর্যপূর্ণ ভাবে এখনও পর্যন্ত ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে সরকারি ভাবে জানায়নি পিসিবি। বোর্ডের অন্দরেই বিষয়টি নিয়ে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে।

পিসিবির এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন,
“ভারতের বিরুদ্ধে না খেললে জরিমানা এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থাও আইনি পথে হাঁটার কথা জানিয়েছে। এমনকি ডিআরসি-তে গেলেও কোনও সুরাহা হবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।”

ওই কর্তার দাবি,
“পিসিবির দাবি মেনে ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজন করা হয়েছে। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার আবেদনও মেনে নেওয়া হয়েছে। এর পরেও সরকারের নির্দেশে ম্যাচ না খেললে তা সরাসরি চুক্তিভঙ্গ। আইসিসির আর্থিক ক্ষতির দায় পুরোপুরি পাকিস্তানকেই নিতে হবে।”

এদিকে বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের আগে ক্রিকেটারদের সঙ্গে কোনও আলোচনা না করায় ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেও। অধিনায়ক সলমন আলি আঘাদের মধ্যেও অসন্তোষ রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সরকারি ঘোষণার পর ক্রিকেটাররা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের পর সলমন শুধু বলেন,
“সরকার এবং বোর্ড যা নির্দেশ দেবে, সেটাই আমরা মেনে চলব। এর বাইরে আমাদের কিছু করার নেই।”

সব মিলিয়ে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট এখন রাজনৈতিক চাপ, আর্থিক ঝুঁকি এবং ক্রীড়াগত ভবিষ্যতের জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.