খেলাধুলা

টি-২০ বিশ্বকাপে বড় মোড়: বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্তে তোলপাড়

টি-২০ বিশ্বকাপ শুরুর আর হাতে গোনা কয়েকদিন। তার মধ্যেই নাটকীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। টুর্নামেন্টের মূল তালিকা থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হল স্কটল্যান্ডকে। শনিবার, ২৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেল মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আইসিসি।

সূত্রের খবর, দুবাইয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকে চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিসিবির অবস্থান স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত বিকল্প পথেই হাঁটতে বাধ্য হয় আইসিসি।

আইসিসি সূত্র জানাচ্ছে, নির্ধারিত ২৪ ঘণ্টার ডেডলাইনের মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানাতে ব্যর্থ হয় যে দল ভারত সফর করবে কি না। বরং ঢাকায় সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানানোর অভিযোগ উঠেছে, যা আইসিসির প্রোটোকল লঙ্ঘন বলেই ধরা হয়েছে। এর পর আর অপেক্ষা না করে বিকল্প দল নির্ধারণের সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

যদিও বিসিবি পরে আইসিসির ‘ডিসপিউট রেজোলিউশন’ কমিটির কাছে আপিল করে, তবে সেই কমিটি স্পষ্ট জানিয়ে দেয়—এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও এখতিয়ার তাদের নেই।

শেষ পর্যন্ত বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে ভারত সফর না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। ফলে সময় নষ্ট না করে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়। টুর্নামেন্ট শুরুর আর ১৫ দিনেরও কম সময় বাকি থাকায়, এই সিদ্ধান্ত সংগঠনিক দিক থেকেও সুবিধাজনক বলে মনে করছেন আইসিসি কর্তারা।

বাংলাদেশের নির্ধারিত সূচি অনুযায়ীই গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির মুখোমুখি হবে তারা। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের বিরুদ্ধে খেলবে ইউরোপের প্রতিনিধিরা।

যোগ্যতা অর্জনের নিরিখে স্কটল্যান্ডই ছিল সবচেয়ে এগিয়ে। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এখনও বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলির মধ্যে তাদের অবস্থান ছিল সর্বোচ্চ। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পূর্ণ সদস্য দেশগুলির বিরুদ্ধে স্কটল্যান্ডের লড়াকু পারফরম্যান্সও এই সিদ্ধান্তকে আরও জোরালো করেছে বলে মনে করছে ক্রিকেট মহল।

বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা। অন্যদিকে, স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি টুর্নামেন্টের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.