খেলাধুলা

বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের ক্রিকেট, বিসিবিতে ইস্তফা—শেষ ভরসা কি শাকিব?

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হল তীব্র অস্থিরতা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-র ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন বিসিবির অন্যতম ডিরেক্টর ইশতিয়াক সাদেক। পাশাপাশি, বোর্ডের বৈঠক শেষে জাতীয় দলে শাকিব আল হাসানকে ফেরানোর ইঙ্গিত মিলেছে।

শনিবার আইসিসি সরকারি বিবৃতিতে জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এই ঘোষণার পরই বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পদত্যাগপত্র জমা দেন।

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে ইশতিয়াক সাদেক জানান, “আমার ইস্তফার খবর সত্যি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে গেম ডেভেলপমেন্ট কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রয়োজনীয় সময় দিতে না পারায় পদ আঁকড়ে রাখা সমীচীন মনে করিনি। ক্রিকেটের স্বার্থেই এই সিদ্ধান্ত।”

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনায় একই দিনে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বোর্ডের আর এক ডিরেক্টর আমজাদ হোসেন বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে জানান, জাতীয় দলের দরজা এখনও খোলা রয়েছে শাকিব আল হাসানের জন্য। তাঁর কথায়, “শাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ নয়। দল গঠনের সময় নির্বাচকেরা অবশ্যই তাঁর বিষয়টি বিবেচনা করবেন।”

বাংলাদেশ ক্রিকেটমহলের একাংশের মতে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার ফলে তৈরি হওয়া ক্ষোভ ও হতাশা সামাল দিতেই শাকিবের প্রত্যাবর্তনের বার্তা সামনে আনা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন শাকিব আল হাসান। তার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.