মায়ঙ্ক যাদবের প্রত্যাবর্তনের পথে নতুন চোটের বাধা সৃষ্টি হয়েছে। যা লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) জন্য বড় দুঃসংবাদ। গত আইপিএলে অভিষেকের পর পর দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে সেই ছন্দ ধরে রাখতে পারেননি। এবার পিঠের চোট কাটিয়ে ফিরতে গিয়ে আঙুলে সংক্রমণ হওয়ায় তার ফেরার পরিকল্পনা আরও পিছিয়ে গেল। এলএসজির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, টুর্নামেন্টের শেষভাগে তাকে পাওয়ার আশা রয়েছে।
তবে শুধু মায়ঙ্কই নন, এলএসজির প্রথম একাদশের আরও তিনজন ভারতীয় পেসার— মোহসিন খান, আভেশ খান ও আকাশ দীপ চোটের কারণে অনুপস্থিত। বিশেষ করে মোহসিনের জন্য হতাশা আরও বড়, কারণ পুনর্বাসনের সময় তার পায়ের পেশিতে চোট ধরা পড়ে। ফলে তাকে ছেড়ে দিয়ে শার্দুল ঠাকুরকে অন্তর্ভুক্ত করেছে এলএসজি। আভেশ খানও হাঁটুর চোটে ভুগছেন, তবে এনসিএ পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি দ্রুত ফিরতে পারেন। অন্যদিকে, আকাশ দীপ পুনর্বাসনের শেষ ধাপে পৌঁছেছেন এবং দ্রুতই খেলায় ফিরতে পারেন।
এদিকে, লখনৌয়ের নেতৃত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক ঋষভ পন্থ, যাকে এলএসজি নিলামে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে। প্রথম ম্যাচেই তার প্রতিপক্ষ তার পুরনো দল দিল্লি ক্যাপিটালস। চোটের ধাক্কা সামলে এলএসজি কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার।







