খেলাধুলা

ইরান সফর অনিশ্চিত, কামিংসদের নিয়ে চাপে বাগান কোচ মোলিনা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র দ্বিতীয় ম্যাচের আগে নতুন দুশ্চিন্তা ঘিরে ধরেছে মোহনবাগানকে। ৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার কথা সবুজ-মেরুনদের। কিন্তু ইরান সফর ঘিরে অনিশ্চয়তায় রয়েছেন একাধিক বিদেশি ফুটবলার। ভিসা মিললেও রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা-ঝুঁকি অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ পাসপোর্টধারী ফুটবলারদের যাত্রা কঠিন করে তুলেছে। এর ফলে কোচ জোসে মোলিনার সামনে দল সাজানো নিয়ে দেখা দিয়েছে বড় সমস্যা।

অজি তারকা জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস—সবাই ভিসা পেলেও অস্ট্রেলিয়ার সরকার ইতিমধ্যেই নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। জুন মাসে তেহরানে দূতাবাস বন্ধ করার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে এরা আদৌ ইরান সফরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। একই অবস্থায় পড়েছেন ব্রিটিশ পাসপোর্টধারী ডিফেন্ডার টম অলড্রেডও।

এই সমস্যা নতুন নয়। গত মরশুমেও ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ইরান সফর বাতিল করতে বাধ্য হয়েছিল মোহনবাগান। তখনও এএফসি-র কাছে নিরপেক্ষ ভেন্যু চেয়ে আবেদন করেছিল ক্লাব ম্যানেজমেন্ট, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এবারও একই অবস্থার পুনরাবৃত্তি হলে মোলিনার হাতে বিকল্প খুবই সীমিত থাকবে।

ইতিমধ্যেই আলবার্তো রডরিগেজ চোট নিয়ে অনিশ্চিত। প্রথম ম্যাচে ঘরের মাঠে হারের পর দ্বিতীয় ম্যাচেও যদি প্রধান বিদেশি ফুটবলারদের ছাড়া খেলতে হয়, তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোহনবাগানকে। আপাতত ম্যানেজমেন্ট পরিস্থিতির উপর নজর রাখছে, তবে ফুটবলারদের অনিশ্চয়তা দূর না হলে মোলিনার হাতে দল গঠনের কাজ হয়ে উঠতে পারে দুঃসাধ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.