পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন পর্ব। এনুমারেশন প্রক্রিয়া শেষ হতেই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা ধরে এবার শুরু হল গুরুত্বপূর্ণ শুনানি বা হিয়ারিং পর্ব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের একাংশকে নোটিস পাঠিয়ে ডাকা হচ্ছে শুনানিতে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় ৩৪ লক্ষ ভোটারকে তলব করা হয়েছে শুনানিতে। যারা মূলত ‘আনম্যাপড ভোটার’ অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নিজের নাম নেই, এমনকি বাবা-মা বা ঠাকুমা-ঠাকুরদার নামও নথিভুক্ত নেই। সেই কারণেই তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চালাচ্ছে কমিশন। শুনানিতে উপস্থিত হয়ে পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথি জমা না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ পরার প্রভুর সম্ভাবনা রয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে, যাঁদের নাম বা পারিবারিক তথ্য ২০০২ সালের ভোটার লিস্টে অনুপস্থিত, তাঁদের নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। কোন কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য, তার তালিকাও ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, হাজার হাজার ‘সন্দেহজনক ভোটার’কেও এই SIR হিয়ারিংয়ের আওতায় আনা হচ্ছে। শুনানির জন্য ভোটারদের নামে ২টি নোটিস ইস্যু করা হবে। একটি নোটিস সরাসরি ভোটারের কাছে পৌঁছবে, অন্যটি থাকবে সংশ্লিষ্ট বিএলও’র কাছে। নোটিস পাওয়ার পর ভোটারদের সর্বোচ্চ এক সপ্তাহ সময় দেওয়া হবে শুনানিতে হাজির হওয়ার জন্য। নোটিসেই উল্লেখ থাকবে শুনানির দিন, সময় ও স্থান। শুনানি হবে জেলাশাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে। সেখানে একাধিক টেবিলে একদিনে সর্বোচ্চ ১০০ জন ভোটারের শুনানি নেওয়া হবে। পাশাপাশি যাচাই শেষে সমস্ত তথ্য অনলাইনে আপলোড করা হবে। তবে বিশেষ ছাড় থাকছে যৌনকর্মী, ট্রান্সজেন্ডার ও কিছু বিশেষ ট্রাইবাল সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে। তাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও, লোকাল এনকোয়ারির ভিত্তিতে এসইআরও চাইলে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।







