জেলা

বাগনানে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার বিশালাকৃতি কচ্ছপের মৃতদেহ

বাগনান ১ নং ব্লকের অন্তর্গত বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় ৪৫ – ৫০ কেজির একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ।

সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। খবর ছড়াছড়ি হতেই এতো বড়ো কচ্ছপ দেখতে মানুষের ভীড় লেগে যায়। এলাকার পরিবেশ প্রেমী যুবক রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক কে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছান। তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনো আঘাতের চিহ্ন নেই। কয়েকদিন আগে কচ্ছপ টির মৃত্যু হয়েছে।কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে কচ্ছপ টির দেহ উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য।
বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, “এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না। মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে। কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই। কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারন ময়না তদন্তের পর জানা যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.