অনেকেই আছেন শপিং করার সময় সবার আগে সাদা পোশাকটাই পছন্দ করে বসেন। কিন্তু যখনই এর যত্নের ব্যাপারটা খেয়াল আসে, মাথায় আকাশ ভেঙে পড়ে। সঠিকভাবে দেখভাল না করলে কিছুদিনের মধ্যেই সাদা পোশাকে আসে হলদে ছাপ। পাশাপাশি, সাদা পোশাকে দাগ লাগার সম্ভাবনাও থাকে সবচেয়ে বেশি। দেখে নিন কী করবেন।
লন্ড্রি ছাড়াই বাড়িতে সাদা জামা কেঁচে নতুনের মতো ধবধবে করা যায় তা জানেন কি? তার জন্য কী করবেন জেনে নিন…
১। বেকিং সোডার মিশ্রণ
সাদা পোশাকের দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করুন৷ বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগের ক্ষেত্রে এই সোডা খুবই কার্যকর৷ এবার চার টেবিলচামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিলচামচ জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা জায়গাটিতে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। তার পরে একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি না করেই দাগ দূর হবে।
২। সাদা ভিনিগার
সাদা ভিনিগার যে কোনও ধরনের দাগ তুলতে সিদ্ধহস্ত। চা-কফি-ওয়াইনের দাগের মতো জেদি দাগকেও সহজেই দূর করতে পারে সাদা ভিনিগার। এতে কাপড়ও বেশ নরম থাকে৷ একটা বালতিতে ভিনিগার নিয়ে তাতে তিনগুণ জল মেশান। এই বার দাগ লাগা পোশাকটি ওই মিশ্রণে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পরে ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন।
৩| লেবুর রস
সাদা কাপড়ে দাগ লেগে যাওয়া স্বাভাবিক। লেবুর রস দিয়েও এই দাগ তোলা যায়। প্রথমে দাগের উপর লেবুর রস দিন। এবার ব্রাশ দিয়ে কিছুক্ষণ ওই অংশ ঘষুন। দাগ না ওঠা পর্যন্ত লেবুর রস এবং ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন কিছুক্ষণেই দাগ উধাও। এরপর এমনি জলে ধুয়ে ফেলুন।







