মহারাষ্ট্রের নাসিকে সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর দ্বৈত মৃত্যুর ঘটনা। প্রাক্তন লিভ-ইন সঙ্গী বৈষ্ণবী আওয়াড়েকে নৃশংসভাবে খুন করার পর তাঁর হবু স্বামীকে ফোন করে সেই খবর জানান অভিযুক্ত সাহিল অশোক লাভারে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি গাছ থেকে উদ্ধার হয় সাহিলের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবী ও সাহিল দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কের অবনতি হতে থাকে। পরে বৈষ্ণবী সম্পর্ক ছিন্ন করে নাসিকের ইন্দিরানগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে শুক্রবার রাতে সাহিল নাসিকে এসে বৈষ্ণবীকে দেখা করার জন্য ডাকেন।
তদন্তে জানা গিয়েছে, দেখা হওয়ার পর বৈষ্ণবীর নতুন সম্পর্ককে কেন্দ্র করে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈষ্ণবী তাঁর হবু স্বামীকে ফোন করে দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। অভিযোগ, সেই সময় সাহিল ফোনটি কেড়ে নিয়ে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে হুমকি দেন। এরপর বৈষ্ণবীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে কাছাকাছি এলাকা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিশেষ করে, বৈষ্ণবীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর সাহিল কীভাবে জানতে পেরেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত বৈষ্ণবী অমরাবতী জেলার বাসিন্দা ছিলেন, আর সাহিলের বাড়ি যবতমল জেলায়। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফল হাতে এলেই ঘটনার আরও বিস্তারিত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।







