খেলাধুলা

চোট কাটিয়ে ফিরেই ভারতের জার্সিতে দেখা যাবে রিয়ান পরাগ? আত্মবিশ্বাসী অসমের অলরাউন্ডার

২৪ বছর বয়সি অলরাউন্ডার রিয়ান পরাগকে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল গত বছর। চলতি বছরে এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি অসমের এই প্রতিভাবান ক্রিকেটারের। কাঁধের চোটের কারণেই ভারতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে নিজেকে প্রমাণ করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরাগ। সম্প্রতি সেই কথাই জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন রিয়ান। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে বিদর্ভের বিরুদ্ধে অসমকে ৫৮ রানে জেতানোর পর নিজের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন তিনি। পরাগের দাবি, তাঁর বিশ্বাস ছিল ভারতের হয়ে খেলার মতো যোগ্যতা তাঁর রয়েছে। যদিও অনেকে এটিকে আত্মবিশ্বাসের বদলে অতিরিক্ত আত্মবিশ্বাসও বলতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

রিয়ান জানান, কাঁধের চোটের কারণেই আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। চোট না থাকলে ভারতের হয়ে সাদা বলের দুই ফর্ম্যাটেই খেলার সুযোগ পেতেন বলেই তাঁর বিশ্বাস। পুরোপুরি ফিট হয়ে উঠলেই ফের তাঁকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অসমের এই অলরাউন্ডার।

তবে ভারতের হয়ে তাঁর প্রত্যাবর্তনের দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। শুধু তাই নয়, অসমের হয়েও চলতি প্রতিযোগিতায় খুব একটা ছন্দে নেই রিয়ান। তাঁর নেতৃত্বে অসম পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে। কিন্তু ব্যাট হাতে অধিনায়কের পারফরম্যান্স আশানুরূপ নয়। পাঁচটি ইনিংসে মাত্র ৩৯ রান করেছেন তিনি, গড় ৭.৮০। এমনকি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় বলও হাতে নেননি রিয়ান।

তবে সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন অসমের এই তরুণ অলরাউন্ডার। জাতীয় দলে ফেরার আগে নিজের ফিটনেস এবং ছন্দ ফিরে পাওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.