খেলাধুলা

গুয়াহাটি টেস্ট থেকে বাদ গিল, অধিনায়কত্বে ঋষভ পন্থ

সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেটে বড় রদবদল। ঘাড়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক শুভমান গিল। বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তাঁর অনুপস্থিতিতে গুয়াহাটিতে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।

বোর্ড সূত্রের খবর অনুযায়ী, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে গিলকে দলের সঙ্গে গুয়াহাটিতে রাখা হয়নি। তাঁকে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিনশো পার্দিওয়ালার পরামর্শ নিতে বলা হয়েছে এবং কয়েকদিনের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। আগামী ওয়ানডে সিরিজেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। সেক্ষেত্রে ওয়ানডেতে পন্থ বা কে এল রাহুল নেতৃত্বের দৌড়ে থাকতে পারেন।
ইডেন টেস্টে ব্যাটিংয়ের সময় গিল ঘাড়ে চোট পান। চোটের তীব্রতা এতটাই ছিল যে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। বর্তমানে ব্যথা কিছুটা কমলেও, যেহেতু গিল দুটি ফরম্যাটেরই অধিনায়ক, তাই বোর্ড কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

গিলের অনুপস্থিতিতে পন্থ অধিনায়কত্ব করলেও, প্রথম একাদশে তাঁর পরিবর্তে কোন ব্যাটার নামবেন, তা নিয়ে জল্পনা চলছে। দ্বিতীয় টেস্টে হারলে ভারত সিরিজ হারবে, তাই দলের সঠিক কম্বিনেশন বেছে নেওয়া জরুরি।যদি গুয়াহাটিতেও ঘূর্ণি পিচ তৈরি করা হয় এবং দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সাইমন হারমার ভয়ঙ্কর হয়ে ওঠেন, তবে গিলের জায়গায় একজন ডানহাতি ব্যাটার খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। নীতীশ রেড্ডির একটি সম্ভাবনা থাকলেও, টিম ম্যানেজমেন্ট সম্ভবত সাই সুদর্শনকে সুযোগ দিতে পারে, যিনি টপ অর্ডারে ব্যাট করেন। ইডেনে তাঁকে এক রহস্যজনক কারণে বসিয়ে রাখা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.