মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাকাউট) একটি অদ্ভুত ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসরুমেই বিয়ের আসর বসেছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওতে এক শিক্ষিকা ও এক ছাত্রকে বিয়ের পোশাকে দেখা গেছে।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিভাগীয় প্রধানের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্যাডে নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারা। এই ঘটনা সামনে আসার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ছাত্রটিকে সাসপেন্ড করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, শিক্ষিকা দাবি করেছেন এটি একটি সাইকোড্রামার অংশ ছিল। ক্লাসের অনুমতি নিয়েই এই ডেমোনস্ট্রেশন করা হয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ায় তাকে কিছু দিনের জন্য ছুটিতে থাকতে বলা হয়েছে।







