তৃণমূল নেতার নেতৃত্বে সাধারণ মানুষের ব্যাংক একাউন্ট নিয়ে চলত বিদেশে প্রতারিত টাকার লেন দেন। একটি প্রতারণার মালার তদন্তে বেঙ্গালুরুর তন্দন্তকারীরা দুই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকদের মধ্যে এক জন পরানপুরের বাসিন্দা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মণ্ডল। পাশাপাশি স্ত্রীও একই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা। আর এক ধৃতের নাম কামালউদ্দিন হাসান।তাঁর নাজিরপুরে একটি জামাকাপড়ের দোকান আছে। তেহট্ট থানা এবং নাজিরপুর ফাঁড়ির পুলিশের মিলিত অভিযানে বেঙ্গালুরু পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ তাঁদের থেকে পাসবুক, এটিএম কার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করে। বেঙ্গালুরু পুলিশ ধৃতদের কর্নাটকে নিয়ে গিয়েছে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার জানান, ”কর্নাটক পুলিশ একটি সাইবার প্রতারণার মামলার তদন্তে এসে দু’জনকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে ধৃতদের নিয়ে গিয়েছে তারা।”
পুলিশ আরো জানায়, গত ৮ ডিসেম্বর বেঙ্গালুরু পুলিশের সাইবার সেলে চার কোটি সত্তর লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্তে নামে। এর পরেই তদন্তে জানা যায়, সম্পূর্ণ চক্রটি পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল থেকে চালানো হচ্ছে। খবর পাওয়া যায়, নাজিরপুর বাজারে কাপড়ের দোকানের নামে ভাড়া নেওয়া একটি ঘরে ঘাটি বেঁধে ছিলেন প্রতারকেরা। সেখানেই হোয়াটসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিত তারা। সেই সব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনর মাধ্যমে প্রতারণা চলত। তদন্তের শুরুতে পুলিশ কলকাতা থেকে মুর্শিদাবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে নদিয়ার ঘাঁটির কথা জানতে পারেন তদন্তকারীরা। তবে মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি বলে মন্তব্য করেন তদন্তকারীরা।







