ইদ উদযাপন করতে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন যুবক। আর পরদিন সকালেই মাঠ থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। মৃতের নাম আনোয়ার শেখ। তিনি ডোমকল থানার শ্রীপতিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে খবর, ইদ উপলক্ষে বৃহস্পতিবার হরিহরপাড়া থানার খামারমাটিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন আনোয়ার। দিনভর পরিবারের সঙ্গে সময় কাটানোর পর শুক্রবার সকালে বাড়ির কাছের মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয়রা প্রথমে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এই মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের দাবি, আনোয়ার আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। যদিও কী কারণে এই ঘটনা, বা কারা জড়িত থাকতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, মৃতের শ্বশুরবাড়ির সদস্যরা বর্তমানে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।







