সেরে উঠেছিলেন প্রায়। তবে ফের শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। প্রাণঘাতী এই রোগই কেড়ে নিয়েছিল ছোট মেয়েকে। সেই ক্ষত মুছে যাওয়া তো দূর মলিন হওয়াও সম্ভবপর নয়। তবে অভ্যাস করে নেওয়া, সময়কে মানিয়ে নেওয়ার মুহূর্তেই আরও এক ধাক্কা পরিবারে।
ফের ক্যানসার আক্রান্ত প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা। বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথা জানালেন ঐন্দ্রিলার দিদি, ঐশ্বর্য। একটানা ১৪ বছর ক্যানসারের মারণ থাবা ছুঁতে পারেনি তাঁকে। কিন্তু ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের ক্যানসার আক্রান্ত হন তিনি।
শিখা দেবীর শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল ২০০৭ সালে, সেরে ওঠার পর ২০০৮ সালে ফের তিনি আক্রান্ত হন ক্যানসারে।চিকিৎসায় সাড়া দিয়ে সেরে ওঠেন। ২০২৩ সালে অস্ত্রোপচার হওয়ার পর কিছুটা ভালো ছিলেন শিখাদেবী। দু’বছর পর আবার ফিরে এসেছে ক্যানসার। এ বার নাকি আরও ভয়ংকর রূপে ফিরে এসেছে।
১০ কেজি ওজনও কমে গিয়েছে। কিন্তু বায়োপসি রিপোর্ট এখনও জানানো হয়নি তাঁকে। ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এইবার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে কীভাবে রিঅ্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছেন না ঐশ্বর্য।
এন্দ্রিলার বাবা ডা. উত্তম শর্মা এবং দিদি ঐশ্বর্যের ফের অক্লান্ত যুদ্ধ শুরু। ঐশ্বর্য জানান, বাবা যখন বাড়ি থাকছে, সে ডিউটিতে আসছে। তাকে তো কাজও করতে হবে। তবে বাবার একটা সাপোর্ট আছে বলেই সবটা সামলাতে পারছেন বলে দাবি তার।







