দেশ

সংসদ অভিযানে উত্তেজনা, পুলিশের ব্যারিকেডে থামল CJP-র মিছিল, ধস্তাধস্তি ও লাঠিচার্জে চাঞ্চল্য

রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকা এই কর্মসূচিতে যন্তরমন্তর থেকে সংসদের উদ্দেশে মিছিল শুরু করার চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। এরপর ব্যারিকেড ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মিছিলের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই যন্তরমন্তরের বাইরে বিক্ষোভকারীদের যেতে দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা কঠোর পদক্ষেপ নেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর মধ্য দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ রাস্তায় বহুস্তরীয় ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহনে কড়া তল্লাশি এবং সর্বক্ষণ নজরদারির ব্যবস্থা করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

CJP-র দাবি, NEET পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই তারা ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দিয়েছে। অনুমতি না মিললেও কর্মসূচি থেকে সরে না আসার সিদ্ধান্তে অনড় ছিল দলটি।

এদিকে, নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় স্পষ্ট জানিয়েছেন, এই মিছিলের জন্য দিল্লি পুলিশের কাছে কোনও আবেদন জমা পড়েনি এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনও অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দিল্লি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.