সাজাপ্রাপ্ত আসামীকে মুক্তি দেওয়া সম্ভব নয় , সুপ্রিম কোর্টে উন্নাও ধর্ষণকাণ্ডের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত নেতৃত্বাধীন মোট তিন বিচারপতির অবকাশকালীন বেঞ্চ এমনই মন্তব্য করল। শীর্ষ আদালতের তরফে , উন্নাও-কাণ্ডে দোষী সাব্যস্ত আসামী তথা বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতদেশ দেওয়া হলো। যার জেরে আপাতত জেলমুক্তি নয় কুলদীপের।
২০১৯ সালে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিলেন উন্নাও ধর্ষণকাণ্ডের দোষী বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। কিন্তু দিল্লি হাইকোর্টের তরফে গত মঙ্গলবার কুলদীপের সেই সাজা মকুব করে দেওয়া হয় । তবে শীর্ষ আদালতের এবিষয়ে পর্যবেক্ষণ – এই রায় দেশের আইনশৃঙ্খলার ও বিচারব্যবস্থার দিকে প্রশ্ন উঠছে। সোমবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ বলে, “দেশের আইনব্য়বস্থার দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে গিয়েছে।”
দিল্লি হাইকোর্ট কুলদীপ সেঙ্গারকে POCSO আইনের আওতায় আনতে চায় নি জামিন দেওয়ার সময় । সোমবার সুপ্রিম কোর্টে উন্নাও মামলার শুনানি চলাকালীন , সিবিআইয়ের হয়ে সওয়ালকারী দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাও একই প্রসঙ্গ তুলে ধরেন। তার কথায়, “কুলদীপ কোনও জনপ্রতিনিধি ছিলেন না, এই যুক্তিতেই তাঁকে পকসোর আইনের বাইরে রাখে হাইকোর্ট। ”
সলিসিটর জেনারেলের যুক্তি, “পকসো আইনে কোনও অভিযুক্ত জনপ্রতিনিধির জন্য থাকা বিধান অনুযায়ী, সেই জনপ্রতিনিধি নির্যাতিত শিশুর তুলনায় সমাজে উচ্চস্তরে রয়েছে কিনা সেটা দেখে। এক্ষেত্রে জনপ্রতিনিধির অর্থের সঙ্গে চিরাচরিত অর্থের সাদৃশ্য থাকবে এমনটা নয়। সেঙ্গার একজন ক্ষমতাশালী বিধায়ক, এলাকাতেও তাঁর বিরাট দাপট ছিল। ” তার যুক্তি শুনে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যদি দিল্লি হাইকোর্টের এই ব্যাখ্যা গৃহীত হয়, তা হলে একজন পুলিশ কনস্টেবল জনপ্রতিনিধি হয়ে যাবেন, কিন্তু বিধায়ক কিংবা সাংসদ নন।”







