পূর্ব মেদিনীপুরের খেজুরির জলসায় যোগ দিতে গিয়ে দুই বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের নয়া মোড়। সোমবার (৮ সেপ্টেম্বর) কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে উঠে এলো এক বিস্ময়কর তথ্য।
ময়নাতদন্ত রিপোর্ট দুইবার আলাদা আসায় আগেই প্রশ্নে পড়েছিল রাজ্য পুলিশ। এবার উঠে এল আরও বড় রহস্য। আদালতে জমা দেওয়া কল রেকর্ডে দেখা যায়, তমলুক মেডিকেল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসককে পোস্ট-মর্টেমের আগে ও পরে একাধিকবার ফোন করেছিলেন তদন্তকারী অফিসার (IO)। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চ তাতে প্রবলভাবে বিস্মিত হয়ে সরাসরি প্রশ্ন তোলে—“তদন্তকারীর ভূমিকা কি আদৌ সন্দেহের ঊর্ধ্বে?”
যদিও সিআইডি দাবি করেছে, কল ডিটেলসে বিশেষ কিছু অস্বাভাবিক পাওয়া যায়নি। কিন্তু অ্যাডভোকেট জেনারেলের সেই বক্তব্য শুনে আদালতের কটাক্ষ—“যেখানে প্রমাণ নেই, শুধু মুখের কথায় কীভাবে বলা যায় যে সন্দেহজনক কিছু নেই?”
এই অবস্থায় রাজ্য আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য। অর্থাৎ খেজুরি মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে।
উল্লেখ্য, ১২ জুলাই জলসা দেখতে গিয়ে প্রাণ হারান বিজেপি কর্মী সুজিত দাস ও সুজিত পাইক। প্রথমে পুলিশ দাবি করেছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। কিন্তু পরিবারের অভিযোগ ছিল খুন। হাইকোর্টের নির্দেশে এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তে দেহে আঘাতের চিহ্ন মেলায় ফের জোরদার হয় খুনের তত্ত্ব। আর সেই সূত্রেই এখন তদন্তকারী পুলিশ অফিসারের ফোনালাপ ঘিরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা।







