বেলঘরিয়ার শালপাতা বাগান এলাকায় এক রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হল দুই শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মৃত শ্রমিকরা হলেন রবিন আইচ (৬০) এবং সুরজিৎ মাইতি (৫৫)। জানা গিয়েছে, দিনের অন্যান্য দিনের মতো ওই দিনও তাঁরা কারখানায় নিয়মিত কাজেই এসেছিলেন। কর্তৃপক্ষ তাঁদের নির্দেশ দেয় পুরনো একটি কেমিক্যাল ড্রাম খুলে ফেলে দেওয়ার। সেই ড্রাম থেকেই বেরিয়ে আসে বিষাক্ত গ্যাস। মুহূর্তের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রবিন ও সুরজিৎকে বাঁচানো যায়নি। তৃতীয় শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরই কারখানায় ছড়ায় আতঙ্ক। বাকি শ্রমিকরা চরম ভয়ের মধ্যে পড়েন। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক অনুমান—ড্রামে থাকা পুরনো কেমিক্যাল থেকেই দুর্ঘটনা। বিষাক্ত গ্যাস সরাসরি শ্বাসনালিতে ঢুকে মৃত্যুর কারণ হয়েছে।
এদিকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে কারখানার যথাযথ লাইসেন্স এবং অনুমতি ছিল কি না। পুরসভাও পৃথক তদন্ত শুরু করেছে।
একটি ড্রামের গাফিলতিতে চলে গেল দুই মূল্যবান প্রাণ। ফের একবার প্রশ্ন উঠে গেল, কতটা সুরক্ষিত আমাদের কারখানা পরিবেশ?







