কলকাতায় তোলাবাজি এবং এক মহিলাকে হেনস্তার অভিযোগে আরও এক প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়েছেন কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। কাউন্সিলর থাকার পাশাপাশি তিনি একসময় কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ সন্তোষপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় দুটিভি পৃথক লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২৩ জুন দুটি আলাদা এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। প্রথম মামলায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি বেআইনিভাবে বাধা দেওয়া, মারধর, ভাঙচুর, মহিলাকে অপমানের উদ্দেশ্যে বলপ্রয়োগ, প্রাণনাশের হুমকি, চুরি এবং অনধিকার প্রবেশ-সহ একাধিক গুরুতর ও অজামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। দ্বিতীয় মামলায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটানো, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং নানা ধরনের বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাতের অভিযানের পর শনিবার ধৃত প্রাক্তন কাউন্সিলরকে আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং গোটা চক্র কতটা বিস্তৃত, তা জানার জন্য আদালতে আবেদন জানাবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার পূর্ববর্তী পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কড়া অবস্থান নিয়েছে।
গত কয়েক সপ্তাহে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে একাধিক প্রাক্তন কাউন্সিলর ও স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটের দাপট এবং সাধারণ নাগরিকদের ওপর জোরজুলুমের অভিযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।







