দেব-শুভশ্রী মানেই বাঙালি দর্শকের কাছে নস্টালজিয়া। একসময় তাঁদের প্রেম ছিল টলিপাড়ার চর্চার কেন্দ্রে। সম্পর্ক ভেঙে গেলেও পর্দায় তাঁদের জুটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং বহু বছর পর ফের একসঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জিতে নিয়েছেন তাঁরা। এবার ‘Desu7’ নিয়ে ফের বড় চমক দিতে চলেছেন দেব ও শুভশ্রী।
ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। আর শুটিং শেষের খবরটাও একেবারে অন্যরকমভাবে জানালেন দেব। পাহাড়ি রাস্তায় শুভশ্রীর সঙ্গে তাঁদের পুরনো জনপ্রিয় গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচতে দেখা গেল সুপারস্টারকে। মুহূর্তেই সেই ভিডিও ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
প্রায় ১৫ বছর পর একই জুটিকে আবার সেই জনপ্রিয় গানের সঙ্গে নাচতে দেখে ফিরে এসেছে ‘রোমিও’-র স্মৃতি। পুরনো সেই রসায়ন এখনও অটুট—দেব-শুভশ্রীর এই মুহূর্ত যেন তারই প্রমাণ।
‘Desu7’ দেবের কেরিয়ারেও বিশেষ ছবি। কারণ এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসছেন তিনি। শুধু তাই নয়, দেব প্রযোজিত প্রথম ছবির নায়িকাও ছিলেন শুভশ্রী। এবার তাঁর পরিচালনায় প্রথম ছবিতেও নায়িকা শুভশ্রী—ফলে দু’জনের জন্যই ছবিটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
এরই মধ্যে দেবকে উদ্দেশ করে শুভশ্রীর লেখা আবেগঘন চিঠিও নজর কেড়েছে। ব্যক্তিগত জীবনে দু’জনেই বহু আগেই আলাদা পথে এগিয়ে গিয়েছেন। শুভশ্রী সংসার করছেন রাজ চক্রবর্তীর সঙ্গে, অন্যদিকে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের সম্পর্কও কারও অজানা নয়। কিন্তু পর্দায় দেব-শুভশ্রীর জুটিকে ফের একসঙ্গে দেখতে দর্শকদের আগ্রহ আজও প্রবল।
‘ধূমকেতু’-র পর ফের ‘Desu7’—পুজোয় এই জুটির নতুন ছবি যে দর্শকদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়। পুরনো গানের নস্টালজিয়া, নতুন গল্প আর দেবের পরিচালনা—সব মিলিয়ে এবার কী চমক অপেক্ষা করছে, সেটাই দেখার।







