মঞ্চে উঠলেই তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে যান হাজার হাজার দর্শক। ঘণ্টার পর ঘণ্টা গান গেয়ে, নেচে দর্শকদের মাতিয়ে রাখেন সোনু নিগম। কিন্তু বিদেশ সফরের মাঝেই আচমকা গুরুতর শারীরিক সমস্যায় পড়লেন বলিউডের জনপ্রিয় এই গায়ক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শো করা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
বর্তমানে আমেরিকা ও কানাডায় ওয়ার্ল্ড ট্যুর করছেন সোনু। ডালাসের একটি অনুষ্ঠানের আগে আচমকাই শুরু হয় তীব্র শারীরিক যন্ত্রণা। বাইরের খাবার খাওয়ার কারণে তাঁর হজমের সমস্যা এবং প্রবল অ্যাসিড রিফ্লাক্স হয়েছে বলে জানা যায়। এর জেরে গলার স্বরও প্রায় বসে যায়। সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারেননি গায়ক। একাধিক ওষুধ খেয়ে কোনওরকমে নিজেকে সামলে অনুষ্ঠানের মঞ্চে পৌঁছন তিনি।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও দর্শকদের নিরাশ করেননি সোনু। মঞ্চে উঠে স্বাভাবিকভাবেই পারফর্ম করেন। তাঁর শরীরে যে এতটা কষ্ট হচ্ছে, তা বুঝতেই পারেননি উপস্থিত দর্শকরা।
কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারেননি শিল্পী। ড্রেসিংরুমে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন তিনি। যন্ত্রণার পাশাপাশি আবেগও যেন বাঁধ মানেনি।
এর আগে ২০২৬ সালের শুরুতেও ‘পিনচড নার্ভ’-এর সমস্যায় ভুগেছিলেন সোনু। চিকিৎসার জন্য MRI, CT স্ক্যান এবং ফিজিওথেরাপি করাতে হয়েছিল তাঁকে। এবার ফের অসুস্থতার খবর সামনে আসায় উদ্বিগ্ন অনুরাগীরা। পাঁচ হাজারেরও বেশি গান গাওয়া জাতীয় পুরস্কারজয়ী এই শিল্পীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্তরা।







