হারারে স্পোর্টস ক্লাবের সবুজ গালিচায় ইতিহাস গড়লেন বেন কারান। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম শতরান তুলে নিয়ে দলকে এনে দিলেন বহু প্রতীক্ষিত সিরিজ জয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল জিম্বাবুয়ে।
আয়ারল্যান্ডের ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন কারান ও ব্রায়ান বেনেট। মাত্র ২০ ওভারের মধ্যেই ১২৪ রানের জুটি গড়েন তারা। ৪৮ রান করে বেনেট আউট হলেও কারানের ব্যাটে ছিল দৃঢ় প্রতিশ্রুতি। ১২০ বলে ১৪ চার মেরে ১১৮* রানে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক ক্রেগ আরভিন, যিনি ৫৯ বলে ৬৯* রানের ঝলমলে ইনিংস খেলেন।
এর আগে আয়ারল্যান্ডের ব্যাটিং শুরুটা হয় ধীর গতির। লরকান টাকার (৬১), অ্যান্ড্রু বালবার্নি (৬৪) ও হ্যারি টেক্টর (৫১) ফিফটি করলেও বড় রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। শেষ দিকে কার্টিস ক্যাম্পারের ছোট ক্যামিও ছাড়া কেউই গতি বাড়াতে পারেননি। জিম্বাবুয়ের বোলিং আক্রমণে রিচার্ড নাগারাভা (২/৪২) ও ট্রেভর গ্যান্ডু (২/৪৪) নিয়মিত আঘাত হানেন।
জিম্বাবুয়ের জন্য এই সিরিজ জয় একাধিক কারণে গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের মার্চের পর প্রথম ওয়ানডে সিরিজ জিতল তারা। পাশাপাশি ২০২২ সালের পর প্রথমবার কোনো ফুল মেম্বার দলের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। তবে এই ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে বেন কারানের অনবদ্য শতকের জন্য, যা তার ভাই স্যাম ও টম কারানের আগেই আন্তর্জাতিক শতরানের নজির গড়ল।







