কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের দিনই নতুন করে চাপে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টে প্রায় ৪২০ কোটি টাকার অস্তিত্ব খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তে উঠে এসেছে, AITC-র নামে একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা ওই অ্যাকাউন্টে চেকে সই করার যৌথ ক্ষমতা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়নের।
ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তৃণমূলের মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে মোট ৪৪০ কোটি টাকা রয়েছে। এর মধ্যে একটিতেই রয়েছে ৪২০ কোটি টাকা। বাকি দুটি অ্যাকাউন্ট AITC গোয়া ও AITC ত্রিপুরার নামে, যেখানে মোট প্রায় ২০ কোটি টাকা জমা রয়েছে।
একটি মাত্র অ্যাকাউন্টে এত বিপুল অঙ্কের অর্থ কেন রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে ইডি। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে ওই অ্যাকাউন্টের সমস্ত নথি ও লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজনে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও তদন্তকারী মহলের ইঙ্গিত। অন্য দুটি অ্যাকাউন্টে সই করার ক্ষমতা রয়েছে শুভাশিস চক্রবর্তী এবং জ্যোতিপ্রিয় মল্লিকের। তবে তদন্তকারীদের মূল নজর আপাতত ৪২০ কোটি টাকার ওই অ্যাকাউন্টে।
এদিকে, এই তিনটি অ্যাকাউন্টের বাইরে আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে দাবি। তদন্তের প্রয়োজনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে আবেদন জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন মঞ্জুর করে। ফলে বর্তমানে মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে। রাজ্য পুলিশ সূত্রের দাবি, ওই ১৫টি অ্যাকাউন্টে এক হাজার কোটিরও বেশি টাকা রয়েছে।
বিজেপির প্রতিক্রিয়া
এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি। দলের বিধায়ক সজল ঘোষ বলেন, “দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে যদি ১৩০০ কোটি টাকার হদিস মেলে, তাহলে যুবরাজের ঘরে ৪০০ কোটি টাকা থাকা অস্বাভাবিক নয়। এটা হিমশৈলের চূড়া মাত্র। এখনও অনেক কিছু সামনে আসা বাকি। একসঙ্গে হাজার হাজার কোটি টাকার তথ্য প্রকাশ্যে এলে সাধারণ মানুষ বিস্মিত হয়ে যাবেন। শিল্পপতিরাও ভাববেন, সারাজীবন ব্যবসা করার বদলে তৃণমূল করলেই হয়তো এত সম্পদ অর্জন করা যেত। তৃণমূল মানেই দুর্নীতি, আর সেই দুর্নীতির যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।”







