বিট খেতে একেবারেই পছন্দ নয়? বাড়ির ছোট থেকে বড়—অনেকেই বিট দেখলেই নাক সিঁটকান। কিন্তু চেনা সবজিকে যদি একটু অন্যভাবে পাতে আনা যায়, তাহলে আপত্তি থাকার কথা নয়! রান্নাঘরের সাধারণ বিট দিয়েই তৈরি করে ফেলুন নজরকাড়া গোলাপি বিটের পুরি। রং যেমন চোখ টানবে, তেমনই স্বাদেও আনবে চেনা পুরির থেকে একেবারে আলাদা আমেজ।
সকালের জলখাবার, ছুটির দিনের ব্রাঞ্চ কিংবা অতিথি আপ্যায়ন—আলুর দম, ছোলার ডাল বা টক-মিষ্টি চাটনির সঙ্গে এই পুরি হতে পারে জমজমাট আয়োজন।
যা যা লাগবে
আটা — ২ কাপ
মাঝারি বিট — ১টি, সেদ্ধ করা
জোয়ান — আধ চা-চামচ
হিং — ১ চিমটে
নুন — স্বাদমতো
লঙ্কাগুঁড়ো — আধ চা-চামচ
তেল — ১ চা-চামচ + ভাজার জন্য
জল — প্রয়োজনমতো
কীভাবে বানাবেন?
প্রথমে বিট ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সেটি মিহি করে বেটে বা কুরিয়ে নিন।
একটি বড় পাত্রে আটা, বিট, জোয়ান, হিং, নুন, লঙ্কাগুঁড়ো এবং এক চা-চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে নরম মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন।
এবার মণ্ড থেকে সমান মাপের লেচি কেটে গোল করে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে একে একে পুরিগুলি ভেজে নিন। পুরি ফুলে উঠে দু’পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন।
গরম গরম গোলাপি পুরি পরিবেশন করুন আলুর তরকারি, ছোলার ডাল কিংবা টক-মিষ্টি চাটনির সঙ্গে।
চেনা পুরিতে বিটের অভিনব ছোঁয়া—রং, স্বাদ আর বৈচিত্র্যে ছুটির দিনের টেবিল জমিয়ে দিতে এই রেসিপিই হতে পারে আপনার নতুন পছন্দ।







