দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমাতপুর মোড় থেকে বাঁকুড়াগামী বাস পরিষেবার শুভ সূচনা হলো শনিবার। ফিতে কেটে ও পতাকা নেড়ে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কালনার SDPO রাখেশ চৌধুরী, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “হেমাতপুরে আমরা বাস স্ট্যান্ড তৈরি করেছি, যেখানে বিভিন্ন রুটের বাস এসে দাঁড়াচ্ছে। এবার থেকে এখান থেকে সরাসরি বাঁকুড়ার বাস পরিষেবা শুরু হলো। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই”।
তিনি আরও জানান, ভবিষ্যতে হেমাতপুর মোড়ে আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে, যাতে যাত্রীদের সুবিধা আরও বৃদ্ধি পায়। নতুন বাস পরিষেবা চালুর ফলে পূর্বস্থলী ও সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয়রা।







