পাখির নজরে চব্বিশের নির্বাচন। লক্ষ্য, জনসংযোগ। ১ মাসে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পাওয়া এক কোটি মহিলা উপভোক্তার কাছে পৌঁছতে দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির মহিলা মোর্চার নয়া কর্মসূচি।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক ও বিরোধী শিবিরগুলি। কেন্দ্রে বিজেপির পুনরায় ক্ষমতায় আসা রোধে সামিল বিরোধী দলগুলির জোট। তবে এবার সব সম-মনস্ক দলকে এক ছাতার তলায় আসার বার্তা দেওয়া হয় কংগ্রেসের তরফে।
গেরুয়া শিবির সূত্রে খবর, মোদি সরকারের উজ্জ্বলা যোজনা, মাতৃবন্দনা, শৌচালয়ের মতো প্রকল্পের সুবিধা যেসব বাড়িতে পৌঁছেছে, সেসব বাড়িতে যাবেন মহিলা মোর্চার সদস্যরা। সেই বাড়ির মহিলাদের সঙ্গে সেলফি তুলবেন। তারপর সেই ছবি আপলোড করা হবে ‘নমো’ অ্যাপে। সঙ্গে উপভোক্তার নাম, বয়স, ঠিকানা, কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং কবে পেয়েছেন, সেইসব তথ্যও আপলোড করা হবে। ২৭ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে উক্ত কর্মসূচি।







