দুয়ারে সরকার থেকে পাড়ায় সমাধান কর্মসূচি। যার জেরে আম জনতা সামাজিক প্রকল্প পেয়ে উপকৃত হলেও বহু নাগরিক এখনও প্রকল্প পাননি বলেই খবর। দিদির দূতরা বহু ঘরেও এখনও পৌঁছে উঠতে পারেননি। অন্যদিকে, অনেক মানুষ তাঁদের সমস্যার কথা জানালেও সরকারি অফিসারসের কাছে থেকে কোনও মীমাংসা পাচ্ছেন না। যা নিয়ে কার্যতই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থা ঠিক করতে তাই এবার অফিসারদের কড়া নির্দেশ।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য সরকারের চিন্তার রেখা কেন্দ্রীয় প্রকল্পে টাকা না পাওয়া নিয়ে। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা-সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে রাজধানী থেকে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকা গেলেও টাকা পৌঁছয়নি। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কীভাবে এই সমস্ত প্রকল্পে টাকার জোগান দেবে রাজ্য সরকার, সে ব্যাপারেও চিন্তার মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে জেলাস্তরে অভিযান চলবে। আবার শহরেও কর্মসূচি করা হবে। মানুষের সমস্যার কথা শুনে রাজ্য সরকারের সমন্বয় পোর্টালে ৩১ মার্চের মধ্যে আপলোড করতে হবে সরকারি অফিসারদের। পরবর্তীতে সেই সমস্যার সমাধান করতে হবে। ইতিমধ্যেই যেসব অভিযোগ এসেছে সেগুলি দফতর অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে।







