এসএফআই ও এবিভিপির সংঘর্ষকে ঘিরে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যেই সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি ছবি ও ভিডিয়ো তাঁর দফতরে পৌঁছেছে, যা যথেষ্ট উদ্বেগের। এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
নবান্নে সাংবাদিক বৈঠকে যাদবপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আর্টস হস্টেল থেকে বেশ কিছু অভিযোগ তাঁর দফতরে এসেছে। ছাত্রদের তরফেই কিছু ছবি ও ভিডিয়ো পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ওই ছবি ও ভিডিয়োতে এমন কিছু স্লোগান ও বিষয় রয়েছে, যা দেশের পক্ষে গ্রহণযোগ্য নয়।
কড়া অবস্থান নিয়ে শুভেন্দু বলেন, “এইসব চলবে না। এত ক্ষমতা কেউ দেয়নি। অ্যাকশন নেব। রাষ্ট্রবাদীরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। ওরা বানায়নি।”
মুখ্যমন্ত্রীর দাবি, আর্টস ডিভিশন বয়েজ হস্টেলের ভিতরে আপত্তিকর, সমাজবিরোধী এবং দেশবিরোধী ধরনের দেওয়াল লিখন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আর্টস ডিভিশন বয়েজ হস্টেলে গিয়ে ওই ধরনের কোনও দেওয়াল লিখন রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা মিললে এর সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।







